চুঁচুড়ায় ভোটকেন্দ্রে উত্তেজনা, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মারধরের অভিযোগ।
হুগলির চুঁচুড়ায় ভোটগ্রহণ চলাকালীন এক বুথে উত্তেজনা ছড়াল। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের এক পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ৫৭ নম্বর বুথে, যেখানে দিগম্বর জৈন স্কুলে ভোটগ্রহণ চলছিল। অভিযোগ, তৃণমূলের পোলিং এজেন্ট সমীর দাসকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মারধর করেন। তার হাতে ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি।
আহত অবস্থায় তাকে দ্রুত চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।
সমীর দাসের অভিযোগ, তিনি সকাল থেকেই বুথে দায়িত্বে ছিলেন। কিছু সময়ের জন্য বাইরে যাওয়ার পর ফের বুথে ঢুকতে গেলে তাকে বাধা দেওয়া হয় এবং এরপর মারধর করা হয় বলে দাবি তার।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তিনি অভিযোগ করেন, কোনও কারণ ছাড়াই তার দলের বুথ এজেন্টকে মারধর করা হয়েছে।
দেবাংশু ভট্টাচার্য জানান, ঘটনার সঠিক ব্যাখ্যা না পাওয়া গেলে তিনি বিষয়টি হাইকোর্ট পর্যন্ত নিয়ে যেতে পারেন বলেও সতর্ক করেন।
অন্যদিকে, সেক্টর অফিসারদের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে। আহত ব্যক্তির বক্তব্য নেওয়া হয়েছে এবং পুরো বিষয়টি রিপোর্ট আকারে পাঠানো হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে।
Post a Comment