ভগবানগোলা, মুর্শিদাবাদ:
রাজ্য বিজেপি পার্টির নির্দেশে ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে আয়োজিত হল “মাছে ভাতে বাঙালিয়ানা” কর্মসূচি। ভগবানগোলা থানার সামনে বিজেপি নেতা অসিত পান্ডের বাসভবনে এই বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের মধ্যে অপপ্রচার চালিয়েছিল যে বিজেপি ক্ষমতায় এলে বাঙালিদের মাছ-মাংস খেতে দেওয়া হবে না। সেই অভিযোগের জবাব দিতেই রাজ্য নেতৃত্বের নির্দেশে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আয়োজকদের দাবি, এদিনের অনুষ্ঠানে প্রায় ৫০০০ মানুষ উপস্থিত ছিলেন। দুপুরের খাবারে মাছ, ভাত, ডাল, সবজি সহ বাঙালিয়ানার ঐতিহ্যবাহী নানা পদ পরিবেশন করা হয়।
এই কর্মসূচিতে হিন্দু, মুসলিম সহ বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একসঙ্গে অংশগ্রহণ করেন এবং সম্প্রীতির বার্তা দেন। রাজনৈতিক ভেদাভেদ ভুলে একসঙ্গে বসে মধ্যাহ্নভোজের এই ছবি এলাকায় বিশেষ নজর কেড়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের বিজেপি নেতা অসিত পান্ডে, মাহবুব আলম, রমজান আলী, সোহেল রানা, হাসিবুল ইসলাম, রাজু শেখ সহ অন্যান্য নেতৃত্ব। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার মহিলা মোর্চার প্রাক্তন সেক্রেটারি ও ভগবানগোলা এলাকার বিশিষ্ট সমাজসেবিকা মেরি পান্ডে।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, ভগবানগোলা এলাকার সুবর্ণ মৃগী, মোহাম্মদপুর, সুন্দরপুর, হনুমন্তনগর, কান্তনগর, মহিশাস্থলী সহ বিভিন্ন অঞ্চল থেকে বহু মানুষ এই কর্মসূচিতে যোগ দেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
খাবার কর্মসূচির পাশাপাশি এদিন বিজেপির একটি সাংগঠনিক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। সেখানে দলের ভবিষ্যৎ কর্মসূচি ও সংগঠন আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে।
Post a Comment