Type Here to Get Search Results !

Subscribe Us

বিজেপির প্রার্থী অনামিকা ঘোষ প্রথম দিনের প্রচার শুরু করলেন ধর্মীয় আচার মেনে।

মুর্শিদাবাদের ভরতপুর ১ ব্লকের আমলাই গ্রাম পঞ্চায়েতে শুরু হলো নির্বাচনী প্রচার। বিজেপির প্রার্থী অনামিকা ঘোষ প্রথম দিনের প্রচার শুরু করলেন ধর্মীয় আচার মেনে।

শঙ্খ বাজিয়ে মন্দিরে প্রণাম করে এবং মিষ্টিমুখ করে আনুষ্ঠানিকভাবে প্রচারে নামেন তিনি। এরপর এলাকার মানুষের সঙ্গে কথা বলে আশীর্বাদও নেন বিজেপি প্রার্থী।

অনামিকা ঘোষ বলেন, ভরতপুর বিধানসভার মানুষ তাকে শুধু একজন প্রার্থী হিসেবে নয়, নিজের মেয়ে ভেবেই দু’হাত তুলে আশীর্বাদ করছেন। প্রচারে নেমে তিনি মানুষের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন বলেও দাবি করেন।

এদিন তিনি ভরতপুর এলাকার বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন। তার অভিযোগ, এই বিধানসভায় রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ এবং উন্নয়নের কাজ প্রায় নেই বললেই চলে।

তিনি আরও বলেন, শুধু মুসলিম নয়, হিন্দু সম্প্রদায়ের বহু মানুষও কাজের সন্ধানে বাইরে যেতে বাধ্য হচ্ছেন। পরিযায়ী শ্রমিকদের এই সমস্যা সমাধান করা তার অন্যতম অঙ্গীকার বলে জানান অনামিকা ঘোষ।
বিজেপি প্রার্থীর দাবি, বাইরে কাজ করতে যাওয়া শ্রমিকদের ফিরিয়ে এনে স্থানীয় এলাকায় কাজের সুযোগ তৈরির চেষ্টা করবেন তিনি।

একইসঙ্গে নারী সুরক্ষা এবং নারীর সম্মান নিশ্চিত করার কথাও বলেন অনামিকা ঘোষ। তার কথায়, বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে।
লোহাদহ ব্রিজ প্রসঙ্গেও সরব হন তিনি। অনামিকা ঘোষের অভিযোগ, প্রতি নির্বাচনের সময় এই ব্রিজকে ইস্যু করে ভোট নেওয়া হয়, কিন্তু ভোট শেষ হলেই সেই প্রতিশ্রুতি ভুলে যান নেতারা।

তার কথায়, “কী মধু আছে সেখানে আমার জানা নেই। আমি মধু খুঁজতে যাই না। আমি ভরতপুরের মানুষের উন্নয়নের জন্য যা যা করা দরকার, সেটাই করব।”

সবশেষে ভরতপুর বিধানসভার মানুষের আশীর্বাদ চেয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপির প্রার্থী অনামিকা ঘোষ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad