Top News

শুরুতেই বড় রদবদল! কলকাতা পুলিশের ৯৩ অফিসারের বদলি, উত্তরবঙ্গ-সহ একাধিক জেলায় পাঠানোর সিদ্ধান্ত

রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী Suvendu Adhikari দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রশাসনিক স্তরে শুরু হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন। তারই প্রথম ধাপে কলকাতা পুলিশের বিভিন্ন পদমর্যাদার মোট ৯৩ জন অফিসারের বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

বদলির তালিকায় রয়েছেন একাধিক ডিসি, অফিসার ইনচার্জ, সাব-ইন্সপেক্টর ও অন্যান্য আধিকারিক। প্রশাসনের অন্দরে আলোচনা, এঁদের অনেকেই আগের সরকারের সময় বিশেষ প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পরই তাঁদের বিভিন্ন জেলায় সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রের খবর, বদলি হওয়া অফিসারদের বড় অংশকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং ও আলিপুরদুয়ারের মতো জেলায় তাঁদের নতুন দায়িত্ব দেওয়া হতে পারে। পাশাপাশি সুন্দরবন সংলগ্ন এলাকা এবং পশ্চিমাঞ্চলের পুরুলিয়ার মতো জেলাতেও কয়েকজন অফিসারকে পাঠানোর প্রস্তুতি চলছে।

প্রশাসনিক মহলের মতে, নতুন সরকারের তরফে পুলিশ ব্যবস্থাকে আরও সক্রিয় ও নিরপেক্ষ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও এই বদলি নিয়ে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিরোধী শিবিরের দাবি, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত। তবে সরকারপক্ষের মতে, প্রশাসনিক কাজকে আরও গতিশীল করতেই এই রদবদল।

এদিকে সোমবার নবান্নে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুপুরে সচিবদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বিধায়ক, জেলাশাসক ও শীর্ষ পুলিশ আধিকারিকদের সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আইনশৃঙ্খলা, উন্নয়ন এবং সরকারি কাজের গতি বাড়ানো নিয়েই মূলত আলোচনা হবে।

বিকেলে ডিজিপি ও উচ্চপদস্থ পুলিশ কর্তাদের সঙ্গে আলাদা বৈঠকেও বসবেন মুখ্যমন্ত্রী। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনের প্রতি কী বার্তা দেন তিনি, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং কলকাতা পুলিশের কমিশনারের সঙ্গেও বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। প্রশাসনের অন্দরে জল্পনা, আগামী কয়েক দিনের মধ্যেই আরও কিছু গুরুত্বপূর্ণ দফতরে বড়সড় পরিবর্তন দেখা যেতে পারে।

Post a Comment

Previous Post Next Post
Gram Barta Plus
Gram Barta Plus

🎧 LIVE FM RADIO




🔊 Volume