মুর্শিদাবাদ জেলার লালগোলায় চাঞ্চল্য ছড়াল বড়সড় পুলিশি অভিযানে। জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের পরিবারের বিরুদ্ধে সোমবার সন্ধ্যায় একযোগে অভিযান চালিয়ে প্রায় ১০ কোটি টাকা মূল্যের একাধিক সম্পত্তি ফ্রিজ করল লালগোলা থানার পুলিশ। এই পদক্ষেপ নেওয়া হয়েছে NDPS আইনের আওতায়, বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশ জানায়, লালগোলা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি লজ, বলরামপুর এলাকার একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এবং নলডহরি গ্রামের একটি বসতবাড়ি—এই তিনটি সম্পত্তি আপাতত ফ্রিজ করা হয়েছে। সংশ্লিষ্ট সম্পত্তিগুলি বিধায়ক হুমায়ুন কবীরের মেয়ে নাজমা সুলতানা, তাঁর স্বামী রাইহান আলি, জামাইয়ের বাবা-মা, কন্যা এবং আরও কয়েকজন আত্মীয়ের নামে নথিভুক্ত রয়েছে।
পুলিশের দাবি, তদন্তের স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং পুরো বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই এগোচ্ছে। মোট ৮ জনের বিরুদ্ধে NDPS আইনে মামলা রুজু করা হয়েছে বলে সূত্রের খবর।
তবে এই অভিযানের পাল্টা প্রতিক্রিয়ায় সরব হয়েছেন হুমায়ুন কবীরের মেয়ে নাজমা সুলতানা। তিনি অভিযোগ করেন, গোটা ঘটনাটি রাজনৈতিক চক্রান্ত। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই পুলিশ অতিসক্রিয় হয়ে এই অভিযান চালিয়েছে এবং বাবার রাজনৈতিক অবস্থানের কারণেই পরিবারের সদস্যদের লক্ষ্য করা হচ্ছে।
এদিকে পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়। পুরো ঘটনার তদন্ত চলছে।