অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের রোভিল এলাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান ইন্ডিয়ান কমিউনিটি সেন্টার থেকে মহাত্মা গান্ধীর একটি ব্রোঞ্জ মূর্তি চুরি যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয়-অস্ট্রেলীয় সম্প্রদায়। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারত সরকার। নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়া সরকারের কাছে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। একই সঙ্গে নিখোঁজ মূর্তিটি দ্রুত উদ্ধার এবং দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।
৩ ফেব্রুয়ারি ২০২৬ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “অজ্ঞাত দুষ্কৃতীদের দ্বারা মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুর ও চুরির ঘটনাকে ভারত সরকার কঠোরভাবে নিন্দা করছে।”
তিনি আরও জানান, বিষয়টি অস্ট্রেলিয়া সরকারের সর্বোচ্চ পর্যায়ে তোলা হয়েছে এবং দ্রুত পদক্ষেপের জন্য জোরালো অনুরোধ জানানো হয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ব্রোঞ্জ মূর্তিটি নয়াদিল্লির ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ (ICCR)-এর তরফে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। ২০২১ সালের ১২ নভেম্বর তৎকালীন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসন আনুষ্ঠানিকভাবে মূর্তিটির উদ্বোধন করেন। ভারতীয়-অস্ট্রেলীয় সম্প্রদায়ের কাছে এই মূর্তির রয়েছে গভীর সাংস্কৃতিক, ঐতিহাসিক ও প্রতীকী গুরুত্ব।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, রোভিলের কিংসলি ক্লোজ এলাকায় অবস্থিত ওই চ্যারিটি প্রাঙ্গণ থেকে তিনজন অজ্ঞাত ব্যক্তি মূর্তিটি চুরি করেছে বলে সন্দেহ। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে।
এই ঘটনার জেরে বিদেশের মাটিতে ভারতীয় ঐতিহ্য ও মূল্যবোধের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।